বরিশালে বিআরটিসি বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৬

হোম » লিড নিউজ » বরিশালে বিআরটিসি বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৬
রবিবার ● ৯ আগস্ট ২০২৬


 

বরিশালে বিআরটিসি বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৬

সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

 

বরিশালে বিআরটিসির যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলার মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মাহিন্দ্রার চালক ও পাঁচ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থী রয়েছেন।

 

রবিবার (৯ আগস্ট) বিকেল ৪টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নগরীর রূপাতলী-দপদপিয়া সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মাহিন্দ্রার যাত্রী। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

 

আহত ববি শিক্ষার্থীর নাম ইয়াসির আরাফাত। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

 

ঘটনাস্থলে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) জুবায়ের জানান, পটুয়াখালী থেকে পাঁচজন যাত্রী নিয়ে মাহিন্দ্রাটি বরিশাল নগরীর রূপাতলীর দিকে যাচ্ছিল। দপদপিয়া সেতুর টোলঘরসংলগ্ন ঢালে পৌঁছালে রূপাতলী থেকে যাত্রী নিয়ে কুয়াকাটার দিকে যাওয়া বিআরটিসির একটি বাসের সঙ্গে মাহিন্দ্রাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রার চালক ও পাঁচ যাত্রী আহত হন।

 

পরে স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সার্জারি বিভাগে তাদের ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় এক যাত্রীর মৃত্যু হয়।

 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, দুর্ঘটনায় আহত ছয়জনকে শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। তার পরিচয় এখনো জানা যায়নি। আহত ববি শিক্ষার্থীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।

 

শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়েল চন্দ্র শীল বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

দুর্ঘটনার পর বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দুই পাশে যান চলাচল ধীর হয়ে যায়। এতে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়। বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:২১:২৪ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ