
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় আল-আরাফা ইসলামী ব্যাংকের আউটলেট শাখায় অসংখ্য গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় শাখাটির ম্যানেজার মো. রাহাত ইসলামকে (৩৪) অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ আগস্ট) পিরোজপুরের ভান্ডারিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাহাত ইসলাম উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পূর্ব দৌলতপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। তিনি নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে অবস্থিত আল-আরাফা ইসলামী ব্যাংকের আউটলেট শাখার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ জানায়, পাখিমারা বাজারের ওই আউটলেট শাখার গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় রাহাত ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে একই শাখার ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফের বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। অভিযোগের পর তিনি আত্মগোপনে চলে যান।
এ ঘটনায় ভুক্তভোগী গ্রাহকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। টাকা ফেরতের দাবিতে তারা ব্যাংক ঘেরাও, বিক্ষোভ ও মানববন্ধনও করেন। পরে অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করা হয়।
কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ফোরকান মিয়া বলেন, পাখিমারা বাজারের আল-আরাফা ইসলামী ব্যাংকের আউটলেট শাখার গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় রাহাত ইসলামকে ভান্ডারিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর তাকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।