বেতাগীতে ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল, গ্রাহকদের ক্ষোভ

হোম » বরগুনা » বেতাগীতে ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল, গ্রাহকদের ক্ষোভ
সোমবার ● ২৭ জুলাই ২০২৬


বেতাগীতে ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল, গ্রাহকদের ক্ষোভসাগরকন্যা প্রতিবেদক, বেতাগী (বরগুনা)

 

বরগুনায় বেতাগী পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিসের আওতাধীন এলাকায় অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, প্রকৃত মিটার রিডিং না নিয়ে কোনো কোনো ক্ষেত্রে অনুমাননির্ভর বিল তৈরি করায় স্বাভাবিক ব্যবহারের তুলনায় দ্বিগুণ-তিনগুণ বা তারও বেশি বিল আসছে।

 

বেতাগী সদর ইউনিয়নের গ্রাহক মো. জসিম উদ্দীন বলেন, তার মিটারে আগের রিডিং ছিল ১৮৫ ইউনিট। তবে চলতি মাসের বিলে ৪৪০ ইউনিট দেখানো হয়েছে। এতে আগের প্রায় ১ হাজার ৪০০ টাকার বিলের পরিবর্তে ৩ হাজার ৯৪৬ টাকা বিল এসেছে। অস্বাভাবিক এই বিল কীভাবে পরিশোধ করবেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

 

বেতাগী বন্দরের ব্যবসায়ী রুবেল মল্লিক বলেন, স্বাভাবিক ব্যবহারের তুলনায় দ্বিগুণ-তিনগুণ, এমনকি তারও বেশি বিল পাচ্ছেন অনেক গ্রাহক। মিটার দেখে রিডিং না নিয়ে অনুমাননির্ভর বিল তৈরি করা হচ্ছে বলে মনে হচ্ছে। অতিরিক্ত বিলের বোঝা টানতে গিয়ে সাধারণ গ্রাহকরা দিশেহারা।

 

স্থানীয় কয়েকজন গ্রাহক অভিযোগ করেন, গত মাসে দীর্ঘ সময় লোডশেডিং থাকলেও অনেকের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়েছে। তাদের দাবি, প্রকৃত মিটার রিডিং সংগ্রহ না করে অনুমানভিত্তিক বিল তৈরির কারণে গ্রাহকদের আর্থিক ক্ষতির পাশাপাশি হয়রানির শিকার হতে হচ্ছে।

 

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন বলেন, অসঙ্গতিপূর্ণ বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের ক্ষোভ ও অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই দেখা যায়। অনুমাননির্ভর বিল তৈরি কোনোভাবেই কাম্য নয়। সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ অফিসের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

অভিযোগের বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির বেতাগী সাব-জোনাল অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ব্যবহার বেশি হওয়া বা রিডিংয়ে কোনো ভুলত্রুটি থাকলে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় সমন্বয় করা হবে।

 

এদিকে ক্ষুব্ধ গ্রাহকরা দ্রুত অস্বাভাবিক বিলের সমাধান, প্রকৃত মিটার রিডিং অনুযায়ী বিল তৈরি এবং এ ধরনের অনিয়মের তদন্ত দাবি করেছেন।

বাংলাদেশ সময়: ২৩:০১:০২ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ