সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
সন্তানের জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করতে প্রস্তুত মা। প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়াও সম্পন্ন করেছেন তিনি। কিন্তু কিডনি প্রতিস্থাপনের শেষ ধাপে এসে অর্থের অভাবে থমকে গেছে চিকিৎসা। ছেলের নতুন জীবন নিশ্চিত করতে এখন প্রয়োজন প্রায় পাঁচ লাখ টাকা।
পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের নুরাইনপাশা গ্রামের ২১ বছর বয়সী রাকিবুল ইসলামের দুটি কিডনিই বিকল। বর্তমানে রাজধানীর সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালে সপ্তাহে তিন দিন ডায়ালাইসিসের মাধ্যমে বেঁচে আছেন তিনি। ছেলের জীবন বাঁচাতে নিজের কিডনি দিতে সম্মত হয়েছেন মা হাসিনা বেগম। কিন্তু প্রতিস্থাপনের প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে পারছে না পরিবারটি।
রাকিবুল জানান, প্রথমে তাঁর শরীরে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। একপর্যায়ে বমির সঙ্গে রক্ত বের হতে থাকে। পরে সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালে চিকিৎসক কামরুল ইসলাম ও তানভীর রহমানের অধীনে চিকিৎসা নেন তিনি। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তাঁর দুটি কিডনিই বিকল হয়ে গেছে।
রাকিবের বাবা মোস্তফা হাওলাদার বলেন, ছেলেকে বাঁচাতে তাঁর স্ত্রী হাসিনা বেগম নিজের একটি কিডনি দিতে রাজি হয়েছেন। এ জন্য প্রয়োজনীয় সব কার্যক্রমও সম্পন্ন করেছেন। কিডনি প্রতিস্থাপন করা গেলে ছেলে সুস্থ জীবনে ফিরতে পারবে, এমন আশায় রয়েছেন তাঁরা। কিন্তু চিকিৎসার শেষ পর্যায়ে এসে টাকার অভাবে সেই আশা অনিশ্চিত হয়ে পড়েছে।
মোস্তফা হাওলাদার পেশায় কৃষক। কৃষিকাজের সীমিত আয় দিয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হয় তাঁকে। এর মধ্যে ছেলের নিয়মিত ডায়ালাইসিস, ওষুধ ও অন্যান্য চিকিৎসার খরচ বহন করা তাঁর পক্ষে কঠিন হয়ে পড়েছে। কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজন প্রায় পাঁচ লাখ টাকা, যা জোগাড় করার সামর্থ্য তাঁদের নেই।
একদিকে অসুস্থ ছেলের চিকিৎসা, অন্যদিকে বিপুল অর্থের সংস্থান করতে না পারার দুশ্চিন্তা নিয়ে দিন কাটছে পরিবারটির। মায়ের কিডনি দানের প্রস্তুতি থাকলেও শুধু অর্থের অভাবে আটকে আছে রাকিবুলের নতুন জীবন ফিরে পাওয়ার সম্ভাবনা। এ অবস্থায় ছেলের চিকিৎসার জন্য সমাজের সামর্থ্যবান ও সহৃদয় মানুষের সহযোগিতা চেয়েছে পরিবারটি।
কনকদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজাহান খান বলেন, রাকিবের পরিবার সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে। মানুষের সম্মিলিত সহযোগিতায় কিডনি প্রতিস্থাপন সম্ভব হলে রাকিব নতুন করে বাঁচার সুযোগ পাবে।
রাকিবুলের চিকিৎসায় সহযোগিতা পাঠানোর জন্য পরিবারের পক্ষ থেকে ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের তথ্য দেওয়া হয়েছে।
সহায়তা পাঠানোর ঠিকানা:
হিসাবের নাম: রাকিবুল ইসলাম
হিসাব নম্বর: ০১৩৩৪০১৫৭৭০
ব্যাংক: স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি
শাখা: মতিঝিল
বিকাশ (পারসোনাল): ০১৭৪৬-৬৪৬৫৮৯