
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। মেলা চলবে আগামী ৩ আগস্ট পর্যন্ত।
উদ্বোধন উপলক্ষে সকালে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, একটি গাছ একটি প্রাণ। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উপকূলীয় জেলা বরগুনায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি। বিশেষ অতিথি ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মো. অলিউল্লাহ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস।
এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার তন্ময় বিশ্বাস, উপকূলীয় বন বিভাগ, পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মো. জাহিদুর রহমান, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ জেড এম সালেহ ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি আবদুর শাকুর এবং নার্সারি মালিক মোস্তাকিন।
মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। আয়োজকদের আশা, সপ্তাহব্যাপী এ মেলা বৃক্ষরোপণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং জেলার সবুজায়ন কর্মসূচিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।