
সাগরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা)
বরগুনার তালতলীতে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর ও ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ প্রতিপাদ্যে পূবালী ব্যাংকের তালতলী উপশাখার উদ্যোগে উপজেলা সদরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তালতলী উপশাখার ব্যবস্থাপক মো. আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের বরগুনা শাখার ব্যবস্থাপক মো. এমরান হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও তালতলী বহুমুখী ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুবুল আলম মামুন, সাধারণ সম্পাদক চুন্নু হাওলাদার, তালতলী উপশাখার অফিসার মিঠুন দেবনাথ, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. ইউনুস আলী, তালতলী পরিবেশক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহা. আবু বকর সিদ্দিক, গণ অধিকার পরিষদের সভাপতি মো. নাসিরুদ্দিন মুন্সী এবং তালতলী আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক মো. শাহিন আলম।
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভায় তালতলী উপশাখার অফিসার মিঠুন দেবনাথ বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গত ১ জুলাই থেকে বাংলা কিউআর ক্যাম্পেইন চালু হয়েছে। এর মাধ্যমে গ্রাহকেরা দ্রুত, নিরাপদ ও ঝামেলামুক্তভাবে ডিজিটাল লেনদেন করতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমার পাশাপাশি দেশে ক্যাশলেস লেনদেনের প্রসার আরও বাড়বে।
তিনি আরও বলেন, বাংলা কিউআরের ব্যবহার বাড়লে ডিজিটাল ব্যাংকিংয়ের সম্প্রসারণ ঘটবে এবং দেশের ব্যাংকিং ব্যবস্থায় ডিজিটাল লেনদেনের পরিধি আরও বৃদ্ধি পাবে।