
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়া থানায় মাদক উদ্ধার ও মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জয়। ২০২৬ সালের মে ও জুন মাসে পরিচালিত মাদকবিরোধী অভিযান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আদালতের ওয়ারেন্ট তামিল কার্যক্রমে সাফল্যের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়।
রবিবার পটুয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে তার হাতে আনুষ্ঠানিকভাবে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এসআই জাহিদুল ইসলাম জয় ধারাবাহিকভাবে বিভিন্ন অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার, মাদককারবারিদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি আদালতের ওয়ারেন্ট দ্রুত তামিল ও অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রেও তার ভূমিকা প্রশংসিত হয়েছে।
জেলা পুলিশের কর্মকর্তারা জানান, দায়িত্ব পালনে দক্ষতা, সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার মূল্যায়ন হিসেবেই তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
এসআই জাহিদুল ইসলাম জয় বলেন, ‘এ সম্মাননা শুধু আমার একার ব্যক্তিগত অর্জন নয়; বরং কলাপাড়া থানার মাদকবিরোধী কার্যক্রমে সংশ্লিষ্ট সব সদস্যের সহযোগিতা ও পেশাদার পুলিশিংয়ের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।’