বাগেরহাটে সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে তরুণদের সড়ক অবরোধ

হোম » খুলনা » বাগেরহাটে সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে তরুণদের সড়ক অবরোধ
রবিবার ● ২৬ জুলাই ২০২৬


 

বাগেরহাটে সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে তরুণদের সড়ক অবরোধ

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

বাগেরহাটে প্রভাবশালী মহলের দখলে থাকা সরকারি নদী ও খাল পুনরুদ্ধারের দাবিতে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করেছেন শতাধিক তরুণ-তরুণী।

 

রবিবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় আন্দোলনকারীদের হাতে ‘খাল বাঁচাও, কৃষি বাঁচাও’, ‘সরকারি খাল উন্মুক্ত করো এখনই’, ‘কী চাই? দখলমুক্ত খাল চাই’ এবং ‘সরকারি খাল সবার অধিকার’- এমন বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

 

আন্দোলনকারীদের পক্ষে শিক্ষার্থী ইমরান শেখ বলেন, ‘বর্তমান সরকার দেশজুড়ে খাল খনন ও পুনঃখননের কার্যক্রম চালালেও বাগেরহাটের চিত্র সম্পূর্ণ আলাদা। জেলার বিভিন্ন উপজেলায় প্রভাবশালীদের দখলে রয়েছে সরকারি খাল। এর ফলে পানির অভাবে সেচ কার্যক্রম ও কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি দীর্ঘমেয়াদি জলাবদ্ধতাসহ নানা সংকট তৈরি হচ্ছে।’

 

শিক্ষার্থী মিথিলা আক্তার বলেন, খাল দখলকে কেন্দ্র করে প্রায়ই এলাকায় সংঘাতের ঘটনা ঘটে।

 

তরুণ সুমিত ভট্টাচার্য অভিযোগ করেন, প্রশাসন মাঝেমধ্যে নামমাত্র উদ্ধার অভিযান চালালেও কিছুদিন পর সেগুলো আবার প্রভাবশালীরা দখল করে নেন। সাধারণ মানুষ ভয়ের কারণে এর প্রতিবাদ করতে সাহস পান না।

 

আন্দোলনকারীরা জানান, জেলার সব সরকারি খাল প্রভাবশালীদের কবল থেকে সম্পূর্ণ মুক্ত করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

বাংলাদেশ সময়: ১৫:৫১:৩৬ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ