ছিনতাই-চাঁদাবাজি মামলা: বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

হোম » পটুয়াখালী » ছিনতাই-চাঁদাবাজি মামলা: বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে
সোমবার ● ২২ জুন ২০২৬


ছিনতাই-চাঁদাবাজি মামলা: বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফলে ছিনতাই ও চাঁদাবাজি মামলায় উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লা আল ফাহাদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২২ জুন) দুপুরে পটুয়াখালীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরীন করিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ বাউফল পৌর শহরের বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় ফল ব্যবসায়ী আল-আমীনের দোকানে হামলা, মারধর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ফজলুল হক মৃধা বাদী হয়ে আবদুল্লাহ আল ফাহাদসহ কয়েকজনের বিরুদ্ধে বাউফল থানায় মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা সংঘবদ্ধভাবে দোকানে হামলা চালিয়ে ব্যবসায়িক ক্ষতি সাধন করে এবং নগদ অর্থ ও মালামাল লুট করে। ঘটনার পর থেকে মামলার প্রধান আসামি আবদুল্লাহ আল ফাহাদ পলাতক ছিলেন বলে জানা যায়।

প্রায় তিন মাস পর তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মো. জাহাঙ্গীর হোসেন বলেন, মেডিকেল প্রতিবেদনে আহত ব্যক্তির জখম সাধারণ ধরনের উল্লেখ রয়েছে। তাই আদালত চাইলে জামিন দিতে পারতেন। তিনি আরও দাবি করেন, মামলাটি মিথ্যা এবং ঘটনার সময় আসামি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।


কেকে/এমআর

বাংলাদেশ সময়: ১৭:০১:০৪ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ