
সাগরকন্যা স্পোর্টস ডেস্ক
দেশবরেণ্য জ্যোতিষী আবদুস ছালাম শিকদার ফেসবুকে এক স্ট্যাটাসে দাবি করেছেন, ২০২৬ ফুটবল বিশ্বকাপে ফ্রান্স চ্যাম্পিয়ন হবে। মঙ্গলবার বিকেলে দেওয়া ওই পোস্টে তিনি সম্ভাব্য সেমিফাইনাল ও ফাইনাল নিয়ে বিস্তারিত ভবিষ্যদ্বাণী তুলে ধরেন এবং তা বাস্তবে মিলবে বলেও মন্তব্য করেন।
ফেসবুকে দেওয়া পোস্টে জ্যোতিষী আবদুস ছালাম শিকদার দাবি করেন, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ ঘিরে ইতোমধ্যে চূড়ান্ত ফল নির্ধারিত হয়ে গেছে।
তিনি তার ভবিষ্যদ্বাণীতে বলেন, টুর্নামেন্টে আর্জেন্টিনা ও স্পেন সেমিফাইনাল থেকে বিদায় নেবে। ব্রাজিল ফাইনালের আগে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়বে বলেও তিনি উল্লেখ করেন।
তার পূর্বাভাস অনুযায়ী, ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ফ্রান্স। তিনি দাবি করেন, ইংল্যান্ড শিরোপার খুব কাছাকাছি গিয়েও পরাজিত হবে এবং ফ্রান্স বিশ্বকাপ জয় করবে।
পোস্টে তিনি আরও লেখেন, মাঠের ফলাফল শুরু হওয়ার পর তাঁর এই ভবিষ্যদ্বাণীর সত্যতা মিলতে থাকবে বলে তিনি বিশ্বাস করেন এবং ম্যাচ শেষে তা যাচাই করার আহ্বান জানান।
পরবর্তীতে নিজের বক্তব্যে তিনি জানান, প্রায় দুই সপ্তাহ ধরে প্রস্তুতি নিয়ে তিনি এই প্রেডিকশন তৈরি করেছেন এবং পূর্বের কিছু পূর্বাভাস সফল হয়েছে বলেও দাবি করেন। এছাড়া তিনি ২০১৪ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোলজি থেকে জ্যোতিষ ডিগ্রি অর্জন করেছেন বলে উল্লেখ করেন।
জানা গেছে, ১৯৮২ সালের ২ এপ্রিল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামে তাঁর জন্ম। তার পিতার নাম হাজী মো. জালাল উদ্দিন শিকদার।