
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
মোংলার নারিকেলতলায় রবিবার (২৬ এপ্রিল) সকালে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেছেন, জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে। যুদ্ধ পরিস্থিতি ও জ্বালানি সংকটের কারণে বিশ্বব্যাপী দাম বৃদ্ধি পাচ্ছে এবং এর সরাসরি প্রভাব সাধারণ মানুষের জীবন ও জীবিকায় পড়ছে বলে তারা মন্তব্য করেন।
‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা) আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ গড়ে ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবি জানান। আগামী ২৮ ও ২৯ এপ্রিল কলম্বিয়ার সান্তা মার্তায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলনকে সামনে রেখে ‘যুদ্ধ থামাও, পৃথিবী বাঁচাও’ শীর্ষক দাবিতে এ আয়োজন করা হয়।
সমাবেশে বক্তৃতা করেন নারী উদ্যোক্তা উম্মে রাফিয়া জাহান মিশু, ধরা’র নেত্রী ছবি হাজরা, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র অ্যাডলিনা পায়েল, সুন্দরবন রক্ষায় আমরা’র মেহেদী হাসান প্রমুখ।
প্রধান অতিথি ধরার কেন্দ্রীয় নেতা মোঃ নূর আলম শেখ বলেন, ‘আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি পরিহার করে ন্যায্য নবায়নযোগ্য জ্বালানি রূপান্তর ঘটাতে হবে। জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই। জীবাশ্ম জ্বালানিকে কেন্দ্র করে বিশ্বজুড়ে যুদ্ধাবস্থা বিরাজ করছে, যার প্রভাবে খাদ্যের দাম বাড়ছে, কৃষি ও শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে এবং মানুষের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
তিনি আরও বলেন, কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ সময় রামপালে ৪৪২ মেগাওয়াট সোলার বিদ্যুৎকেন্দ্র নির্মাণ উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, পরিবেশ, অর্থনীতি, নিরাপত্তা ও মানুষের জীবন রক্ষায় জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে ন্যায্য নবায়নযোগ্য জ্বালানি রূপান্তর এখন সময়ের দাবি।