ফেসবুকে নারীকে নিয়ে কুরুচিপূর্ণ প্রচারণা, আদালতের নির্দেশে মামলা

হোম » পটুয়াখালী » ফেসবুকে নারীকে নিয়ে কুরুচিপূর্ণ প্রচারণা, আদালতের নির্দেশে মামলা
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬


ফেসবুকে নারীকে নিয়ে কুরুচিপূর্ণ প্রচারণা, আদালতের নির্দেশে মামলাসাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

 

ফেসবুকে এক নারীর বিরুদ্ধে অশালীন ও মানহানিকর প্রচারণার অভিযোগে দায়ের করা মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন বরিশাল সাইবার ট্রাইব্যুনাল।

 

সোমবার (৯ নভেম্বর) বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন দৈনিক কালবেলার বাউফল প্রতিনিধি ও বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুজ্জামান বাচ্চু। মামলাটির নম্বর ৩১৩/২০২৬ (বরিশাল)।

 

মামলার অভিযোগে বলা হয়, গত ৩ নভেম্বর ‘খবর আছে’ নামের একটি ফেসবুক আইডি থেকে বাদীর স্ত্রীকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রকাশ করা হয়। এতে ওই নারী ও তাঁর পরিবারের সামাজিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।

 

বাদীপক্ষের আইনজীবী কে. এম. মাহাবুবুর রহমান সেন্টু বলেন, ফেসবুককে ব্যবহার করে পরিকল্পিতভাবে মানুষের চরিত্রহনন ও হয়রানি করা হচ্ছে। এটি মতপ্রকাশের স্বাধীনতা নয়, স্পষ্ট অপরাধ। আদালত অভিযোগটি আমলে নিয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন।

 

স্থানীয়দের অভিযোগ, আলোচিত ফেসবুক আইডি থেকে শুধু সাংবাদিক পরিবার নয়, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে লক্ষ্য করে আপত্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। শিক্ষক, রাজনৈতিক নেতা, সমাজকর্মী থেকে শুরু করে গৃহিণীরাও এর শিকার হচ্ছেন। বেনামে পরিচালিত আইডিটি থেকে নিয়মিত এমন প্রচারণা চালানোয় এলাকায় ক্ষোভ বাড়ছে।

 

বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের বাউফল প্রতিনিধি কৃষ্ণ কান্ত কর্মকার বলেন, পুলিশের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইডিটির পেছনে থাকা ব্যক্তিকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা উচিত। এতে ফেসবুককেন্দ্রিক অপপ্রচার ও নারী হয়রানি অনেকটাই কমে আসবে।

বাংলাদেশ সময়: ২০:৫১:৫৯ ● ১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ