সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
তথ্যপ্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও উপকরণ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে বরগুনার আমতলী সরকারি একে মডেল পাইলট হাইস্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রিপরিষদ বিভাগে দেওয়া তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে এ মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হয়।
জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে এবং আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের সুফল কাজে লাগিয়ে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, মাল্টিমিডিয়া ক্লাসরুমে ছবি, ভিডিও ও ডিজিটাল উপস্থাপনার মাধ্যমে পাঠদান আরও সহজ, আনন্দদায়ক ও কার্যকর হবে। কঠিন বিষয়গুলোও শিক্ষার্থীরা সহজে বুঝতে পারবে। তবে শুধু প্রযুক্তির ব্যবহার নয়, এর সঠিক ব্যবহার নিশ্চিত করাও জরুরি।
শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, শুধু পরীক্ষায় ভালো ফল করাই শিক্ষার মূল উদ্দেশ্য নয়। জ্ঞান, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলতে হবে। প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে দক্ষ নাগরিক হিসেবে প্রস্তুত হতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ পরিচালনা করবে। তাই সময়ের যথাযথ ব্যবহার করে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে।
আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ তৈরিতে এ উদ্যোগ শিক্ষার্থীদের পাঠদানকে আরও সহজ, আকর্ষণীয় ও কার্যকর করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।