সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে সন্তান জন্ম দিয়েছেন এক নারী। তবে নবজাতকের বাবা কে, তা নিয়ে তৈরি হয়েছে অস্বাভাবিক পরিস্থিতি। নবজাতকের পিতৃত্ব দাবি করে হাসপাতালে হাজির হয়েছেন দুই ব্যক্তি। তাঁদের একজন হিন্দু, অন্যজন মুসলিম। দুজনই ওই নারীর স্বামী বলে দাবি করেছেন।
রবিবার (৮ নভেম্বর) সকালে নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শান্তা নামের ওই নারী সন্তান জন্ম দেওয়ার সময় তাঁর পাশে ছিলেন শুভাস নামের এক ব্যক্তি। তিনি নিজেকে শান্তার স্বামী হিসেবে পরিচয় দেন। তবে পরদিন সকালে হাসপাতালে হাজির হন এমদাদুল নামের আরেক ব্যক্তি। তিনিও নিজেকে শান্তার স্বামী ও নবজাতকের বাবা দাবি করেন। তাঁর উপস্থিতিতে হাসপাতালে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এমদাদুলের দাবি, ২০২১ সালে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বরিশালের চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের সনাতন ধর্মাবলম্বী শান্তাকে বিয়ে করেন তিনি। বিয়ের পর শান্তা ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। এরপর তাঁরা ঢাকায় একসঙ্গে বসবাস করতেন। তিন মাস আগে সন্তান জন্ম দেওয়ার কথা বলে শান্তা বাবার বাড়িতে আসেন। নিজের দাবির পক্ষে এমদাদুল বিয়ের কাবিননামাসহ দাম্পত্য জীবনের বিভিন্ন প্রমাণও উপস্থিত ব্যক্তিদের দেখান।
তবে শান্তা এমদাদুলের দাবি অস্বীকার করে বলেন, তাঁর সঙ্গে এমদাদুলের বিয়ে হয়নি। নবজাতকের বাবাও তিনি নন। যদিও এমদাদুলের দেখানো কাবিননামা ও অন্যান্য প্রমাণের বিষয়ে কোনো ব্যাখ্যা দিতে পারেননি তিনি।
এদিকে এমদাদুল হাসপাতালে পৌঁছানোর পরপরই সেখান থেকে চলে যান শুভাস। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রের দাবি, এমদাদুলকে বিয়ে করার পরও শান্তার বাবার বাড়িতে যাতায়াত ছিল। এর মধ্যে ২০২৪ সালে আগের বিয়ের বিষয়টি গোপন রেখে বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা শুভাসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। পরে তাঁদের বিয়েও হয়। শুভাস জানতেন, চাকরির কারণে শান্তাকে ঢাকায় থাকতে হয়। কিন্তু শান্তা ঢাকায় গিয়ে প্রথম স্বামীর সঙ্গে সংসার করতেন। অন্যদিকে বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাকেরগঞ্জে দ্বিতীয় স্বামীর সঙ্গেও সময় কাটাতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আরিফ মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ডা. নজরুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হলে শান্তার বাবা কৃষ্ণ কর্মকার তাঁকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান। দুই ব্যক্তির স্বামী ও পিতৃত্বের দাবি সামনে আসার পর একপর্যায়ে তাঁরা দুজনই হাসপাতাল ছেড়ে চলে যান।