নলছিটিতে ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭

হোম » ঝালকাঠি » নলছিটিতে ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬


নলছিটিতে ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি

 

ঝালকাঠির নলছিটিতে ওয়ারেন্টভুক্ত আসামি ও দপদপিয়া ইউনিয়ন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সিরাজুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) রাতে পুলিশ বাদী হয়ে দায়ের করা এ মামলায় ৪৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।

 

এ ঘটনায় ওই এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাহাঙ্গীর মৃধার ছেলে রাকিব মৃধা (২৫), রুবেল মৃধা (৩০), মজিবুর রহমানের ছেলে মিল্টন হাওলাদার (২০), নূর মোহাম্মদের ছেলে সেলিনা বেগম (৫৫), মজিদ হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার (২৭), মৃত মালেক মৃধার ছেলে রাশেদ মৃধা এবং মোবারক খলিফার ছেলে শহিদুল ইসলাম (২৮)। তাঁরা সবাই দপদপিয়া ইউনিয়নের বাসিন্দা।

 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. বেলায়েত হোসেন জানান, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মূল আসামিসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুর ১টার দিকে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল সিরাজুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক ও তাঁর স্বজনেরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেন। হামলাকারীরা পুলিশের পিকআপ ভ্যানও ভাঙচুর করেন। এতে নলছিটি থানার ওসিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

বাংলাদেশ সময়: ১৯:৩০:১২ ● ১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ