
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার তালতলী উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দ চাল আত্মসাতের অভিযোগে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ফজলুল হক বাচ্চুর বিচার দাবিতে মানববন্ধন হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে কড়াইবাড়িয়া বাজারে ইউনিয়নবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়, এতে কয়েকশ মানুষ অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কড়াইবাড়িয়া ইউনিয়নে নিবন্ধিত জেলে রয়েছেন ৭৬৫ জন। অভিযোগ রয়েছে, প্যানেল চেয়ারম্যান অতিরিক্ত ৭১ জনের একটি তালিকা তৈরি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দেন। জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের জন্য সরকার ফেব্রুয়ারি ও মার্চ মাসে জনপ্রতি ৮০ কেজি করে ভিজিএফ চাল বরাদ্দ দেয়। সে হিসেবে ৮৩৬ জনের নামে ৬৬.৮৮০ মেট্রিক টন চাল উত্তোলন করা হলেও ৭৬৫ জন জেলেকে ৬১.২০০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। অবশিষ্ট ৫.৬৮০ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের ছয় সদস্য বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। পরে উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
মানববন্ধনে ইউপি সদস্য পিযুষ কান্তি হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য দেন ইউপি সদস্য রেদওয়ান সরদার, খলিলুর রহমান মোল্লা, পুলুকেশ চন্দ্র মজুমদার ও ফয়সাল হাওলাদার। বক্তারা অভিযোগ করে বলেন, ভুয়া তালিকা তৈরি করে চাল আত্মসাৎ করা হয়েছে এবং দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অভিযোগ অস্বীকার করে প্যানেল চেয়ারম্যান মো. ফজলুল হক বাচ্চু বলেন, ‘নিবন্ধিত জেলেদের মাঝে বরাদ্দকৃত চাল সঠিকভাবে বিতরণ করা হয়েছে। আমাকে হেয় প্রতিপন্ন করতে এ মানববন্ধন করা হয়েছে।’
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।