গৌরনদীতে সাবেক ভাইস চেয়ারম্যানের সম্পত্তি নিলামে: ব্যাংকের বিজ্ঞপ্তি প্রকাশ

হোম » বরিশাল » গৌরনদীতে সাবেক ভাইস চেয়ারম্যানের সম্পত্তি নিলামে: ব্যাংকের বিজ্ঞপ্তি প্রকাশ
বৃহস্পতিবার ● ২৩ এপ্রিল ২০২৬


 

গৌরনদীতে সাবেক ভাইস চেয়ারম্যানের সম্পত্তি নিলামে: ব্যাংকের বিজ্ঞপ্তি প্রকাশ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সীর বিনিয়োগ-সংশ্লিষ্ট একাধিক সম্পত্তি ঋণ খেলাপির কারণে নিলামে তোলার জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। গত ২১ এপ্রিল মঙ্গলবার দৈনিক সংগ্রাম ও বাংলাদেশ বাণী পত্রিকায় বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি টরকী বন্দর শাখার অধীনে থাকা ঋণের বিপরীতে এসব সম্পত্তি বাজেয়াপ্ত করে প্রকাশ্য নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংক সূত্রে জানা যায়, প্রায় ৩০ কোটি টাকা পাওনা রয়েছে এবং প্রতি মাসে প্রায় ৩০ লাখ টাকা মুনাফা হিসাব করা হয়েছে।

নিলামে অন্তর্ভুক্ত সম্পত্তির মধ্যে রয়েছে- বার্থী এলাকার এলাহী অটো রাইস মিল, কটকস্থল এলাকার এলাহী সিএনজি পাম্প ও হোটেল, ফারিয়া পার্ক, টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন নিজ বাড়ি, টরকীর চর এলাকার গোডাউন, আব্দুল খালেক মুন্সীর খাট ও ভিটাসহ জমি এবং অন্যান্য তফসিলভুক্ত সম্পত্তি।

বিজ্ঞপ্তিতে আগ্রহী ক্রেতাদের টরকী শাখায় যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। স্থানীয়দের মতে, সময়ের পরিবর্তনে আর্থিক পরিস্থিতিও বদলে যেতে পারে। বিশ্লেষকদের মতে, বড় বিনিয়োগ বা ঋণ গ্রহণের আগে যথাযথ পরিকল্পনা, ঝুঁকি বিশ্লেষণ ও সতর্কতা অবলম্বন জরুরি।

বাংলাদেশ সময়: ১৪:৩১:৫৫ ● ৯৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ