
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো ধরনের অনিয়ম, পক্ষপাতিত্ব বা দলীয়করণ করা যাবে না। ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী কিংবা রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা নির্বিশেষে প্রতিটি পরিবারের তথ্য সংগ্রহ নিশ্চিত করতে হবে। কোনো পরিবারকে এ কার্যক্রমের বাইরে রাখা যাবে না বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৫টায় পিরোজপুরের ভান্ডারিয়ায় ৬৩ নম্বর ধাওয়া রাজপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে খানার তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি ওয়ার্ডে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে তথ্য সংগ্রহ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি পরিবারের সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা করা যাবে না এবং ভুল তথ্য গ্রহণ থেকেও বিরত থাকতে হবে।
তিনি আরও বলেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের তথ্য সংগ্রহ নিশ্চিত করতে হবে। কোনো পরিবার যেন এ কার্যক্রম থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের বিশেষ নজর দিতে হবে। ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক পরিচয়, ধর্মীয় বিশ্বাস কিংবা জাতিগত পরিচয়ের ভিত্তিতে কাউকে বাদ দেওয়া যাবে না। নির্ধারিত নীতিমালা ও যোগ্যতার ভিত্তিতে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা সত্যজিৎ অধিকারী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. শামিম হাওলাদার, ধাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আবদুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম মোর্শেদ এবং উপজেলা যুবদল নেতা মো. আল আমিন হাওলাদার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ধাওয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মাসুম বিল্লাহ।