
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ প্রতিপাদ্যে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।
২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত চলা এ কর্মসূচি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, দুস্থ ও অসহায় রোগীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ এবং উন্নত চিকিৎসাসেবা প্রদানের আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান এবং নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী হাসানসহ অন্যান্যরা বক্তব্য দেন। পুষ্টিবিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেন মেডিকেল অফিসার ডা. মোঃ মিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে দুস্থ ও অসহায় রোগীদের মাঝে পুষ্টিসমৃদ্ধ খাবারের প্যাকেট বিতরণ করা হয়। আলোচনা সভা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে স্বাস্থ্যকর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত বলেন, ‘একটি সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনের জন্য পুষ্টির কোনো বিকল্প নেই। পুষ্টি শুধু স্বাস্থ্য নয়, এটি দেশের সামগ্রিক উন্নয়নের সাথেও সরাসরি সম্পৃক্ত। তাই সকল শ্রেণির মানুষের সুষম খাদ্য নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’
অন্যান্য বক্তারা পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং অপুষ্টি দূরীকরণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।