দশমিনায় তেঁতুলিয়া নদীর শাখা খাল রক্ষায় পাইলিং-ব্লক নির্মাণের দাবি

হোম » পটুয়াখালী » দশমিনায় তেঁতুলিয়া নদীর শাখা খাল রক্ষায় পাইলিং-ব্লক নির্মাণের দাবি
বৃহস্পতিবার ● ২৩ এপ্রিল ২০২৬


 

দশমিনায় তেঁতুলিয়া নদীর শাখা খাল রক্ষায় পাইলিং-ব্লক নির্মাণের দাবি

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনা উপজেলায় তেঁতুলিয়া নদীর শাখা খালের দুই পাড়ে স্থায়ী পাইলিং ও ব্লক নির্মাণসহ টেকসই সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা।

 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে সড়কে সবুজবাগ ও চরহোসনাবাদ গ্রামের মানুষের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দশমিনা বাজার থেকে সরকারি আবদুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ পর্যন্ত খালের উভয় পাড়ে ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

 

বক্তারা বলেন, গত কয়েক বছরে তীব্র ভাঙনের কারণে খালের দুই পাড়ের প্রায় দুই থেকে তিন শতাধিক পরিবারের ফসলি জমি ও বসতভিটা খালের গর্ভে বিলীন হয়েছে। দ্রুত পাইলিং ও ব্লক নির্মাণসহ টেকসই রাস্তা নির্মাণ করা হলে সবুজবাগ ও বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রাম, সরকারি আবদুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় বাসিন্দারা ভাঙনের হাত থেকে রক্ষা পাবেন বলে তারা জানান।

 

মানববন্ধনে বক্তব্য দেন দশমিনা উপজেলা বণিক সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল, উপজেলা জামায়াতের আমির এম. লুৎফুর রহমান, দশমিনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাদা তহমিন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক যোবায়ের হোসেন আক্কাসসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১৫:১৯:২৮ ● ৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ