গৌরনদীতে কাপড় ব্যবসায়ীকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে কাপড় ব্যবসায়ীকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ
শনিবার ● ১১ এপ্রিল ২০২৬


 

প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক দোকান কর্মচারীর হামলায় কাপড় ব্যবসায়ী গোলাম মোস্তফা ওরফে চুন্নু খলিফা (৫৮) গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার টরকী বন্দর মসজিদ মার্কেটে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

হাসপাতালে চিকিৎসাধীন চুন্নু খলিফা অভিযোগ করেন, তনুশ্রী বস্ত্রালয়ের কর্মচারী উজ্জল মালী থ্রি-পিস বিক্রির সময় এক ক্রেতাকে বলেন, গত ঈদে তারা একই মানের দুই হাজার থ্রি-পিস বিক্রি করেছেন। এ সময় পাশের দোকানে বসে চা পান করার সময় তিনি ওই বক্তব্যের প্রতিবাদ করে বলেন, গত রোজায় এই মার্কেটের কোনো দোকানেই ওই মানের দুই হাজার থ্রি-পিস বিক্রি হয়নি। এতে ক্রেতা পণ্য না কিনেই চলে গেলে ক্ষিপ্ত হয়ে উজ্জল মালী তার ওপর চড়াও হন। একপর্যায়ে তাকে কিল-ঘুষি মারেন এবং পরে চেয়ার দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

অভিযুক্ত উজ্জল মালী অভিযোগ অস্বীকার করে বলেন, চুন্নু খলিফা আগে তাকে চেয়ার দিয়ে আঘাত করলে তিনি তা প্রতিহত করার সময় একই চেয়ারের আঘাতে তার কপাল ও মাথায় জখম হয়।

 

গৌরনদী থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানান, অভিযোগ পাওয়া গেছে; তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮:০০:০৯ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ