
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের অধিকার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহাম্মদ সোহেল মনজুর, এমপি।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় পিরোজপুরের ভান্ডারিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোতে বিশেষ আর্থিক অনুদান ও উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। মহান মুক্তিযুদ্ধসহ দেশের প্রতিটি আন্দোলনে সব ধর্মের মানুষ সমানভাবে অংশ নিয়েছেন। প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালন ও মৌলিক অধিকার ভোগের সমান অধিকার রয়েছে।
দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি পূজামণ্ডপের দায়িত্বশীল নেতাদেরও সার্বিক বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে জনগণের সহযোগিতা কামনা করে প্রতিমন্ত্রী বলেন, কোথাও অনিয়ম, দুর্নীতি বা আইনশৃঙ্খলাসংক্রান্ত সমস্যা দেখা গেলে নির্ভয়ে প্রশাসনকে অথবা তাঁকে সরাসরি জানাতে হবে। তথ্যদাতার পরিচয় গোপন রেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
ভান্ডারিয়া উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান। বক্তব্য দেন ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হোসেন।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল, সাবেক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সরওয়ার জমাদ্দার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মোল্লা জোমাদ্দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, পূজা উদযাপন কমিটির নেতারা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা অংশ নেন। সভা শেষে উপজেলার সব পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে বিশেষ আর্থিক অনুদান ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।