সাগরকন্যা প্রতিবেদক
প্রতিরক্ষা খাতে সক্ষমতা বৃদ্ধি, সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও আধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও ইতালি।
রবিবার (১৮ অক্টোবর) ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। এ সময় দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ ও ইতালির দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতা আরও সুদৃঢ় ও বিস্তৃত করার বিষয়ে পারস্পরিক আগ্রহ প্রকাশ করা হয়।
আলোচনায় প্রতিরক্ষা খাতে সক্ষমতা বৃদ্ধি, সামরিক প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়, কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা এবং আধুনিক সামরিক সরঞ্জাম ও প্রতিরক্ষাসামগ্রী সংগ্রহের সম্ভাব্য ক্ষেত্রগুলো গুরুত্ব পায়। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দুই দেশের ভূমিকা, ভবিষ্যৎ সহযোগিতা এবং যৌথ প্রশিক্ষণের সুযোগ নিয়েও মতবিনিময় হয়।
এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশ ও ইতালির ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। প্রতিরক্ষা শিল্পের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে ইতালি সরকারের অব্যাহত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অন্যদিকে, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ইতালির অংশীদারত্ব ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন দেশটির রাষ্ট্রদূত।
বৈঠকে উভয় পক্ষ আশা প্রকাশ করে, উচ্চপর্যায়ের এ ধরনের সংলাপ ও যোগাযোগ দুই দেশের সামরিক সম্পর্ক এবং সামগ্রিক দ্বিপাক্ষিক অংশীদারত্ব আরও জোরদার করবে।