
সাগরকন্যা প্রতিবেদক, রাজাপুর (ঝালকাঠি)
ঝালকাঠির রাজাপুরে সরকারি ডিসিআরভুক্ত জমিতে বসবাসকারী আট পরিবারের বসতভিটা দখল ও উচ্ছেদচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পশ্চিম নৈকাঠি স্কুলের সামনে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, প্রায় অর্ধশত বছর ধরে ডিসিআর নিয়ে সরকারকে খাজনা দিয়ে তাঁরা ওই জমিতে বসবাস করে আসছেন। সম্প্রতি একটি প্রভাবশালী মহল ভুয়া ওয়ারিশ সনদ তৈরি করে তাঁদের বসতভিটা দখলের চেষ্টা করছে। ভুয়া ওয়ারিশ সাজিয়ে আদালতে মামলা করে একতরফা রায় নেওয়ার মাধ্যমে তাঁদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।
ভুক্তভোগীদের দাবি, আদালত থেকে সংগ্রহ করা কাগজপত্রে বিভিন্ন ধরনের ভুল রয়েছে। এসব অসংগতির বিষয়ে তাঁরা আদালতে কাগজপত্র দাখিল করেছেন। দীর্ঘদিনের বসতভিটা হারানোর আশঙ্কায় তাঁরা উদ্বিগ্ন।
মানববন্ধনে বক্তারা বলেন, বসতভিটা থেকে উচ্ছেদ করা হলে পরিবারগুলো চরম বিপাকে পড়বে। হারাতে হবে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও। এ পরিস্থিতিতে দখলচেষ্টা ও হয়রানি থেকে রক্ষা পেতে তাঁরা সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় নিশী পালের নাতনি বলেন, ‘আমার দাদার একমাত্র ওয়ারিশ হিসেবে দেশে আমিই আছি। কারা এসব করছে, জানি না। আমি চাই, পরিবারগুলো প্রভাবশালীদের হাত থেকে রক্ষা পাক।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন দেলোয়ার হোসেন দিলীপ, অহিদুজ্জামান, নুরজাহান বেগম ও মজিবুর রহমান। কর্মসূচিতে স্থানীয় শতাধিক বাসিন্দা অংশ নেন।