কালকিনিতে তিনতলা ভবন থেকে লাফিয়ে পড়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু

হোম » ঢাকা » কালকিনিতে তিনতলা ভবন থেকে লাফিয়ে পড়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু
রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

 

মাদারীপুরের কালকিনিতে তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মিম আক্তার (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পারিবারিক দ্বন্দ্বের জেরে মায়ের সঙ্গে অভিমান করে তিনি ছাদ থেকে লাফ দিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রবিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার মিয়ারহাট বাজারে আনসার উদ্দিন মৃধার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মিম আক্তার খুনেরচর গ্রামের প্রবাসী রাশেদ সরদারের স্ত্রী।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিম আক্তার পরিবারের সদস্যদের নিয়ে কিছুদিন ধরে মিয়ারহাট বাজারে আনসার উদ্দিন মৃধার বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। রোববার পারিবারিক দ্বন্দ্বের জেরে মায়ের সঙ্গে অভিমান করে তিনি ওই ভবনের তৃতীয় তলার ছাদ থেকে লাফ দেন। এতে গুরুতর আহত হন তিনি।

 

পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

 

নিহতের বাবা আলামিন খান বলেন, ‘কী কারণে আমার মেয়ে মারা গেছে, তা এখন বলতে পারব না।’

 

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়েছেন তাঁরা। কী কারণে মিম ছাদ থেকে লাফ দিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

 

ওসি আরও জানান, মিমের কিছুদিন আগে বিয়ে হয়েছে। তাঁর স্বামী প্রবাসে থাকেন।

বাংলাদেশ সময়: ১৮:২৮:৫৬ ● ৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ