আগৈলঝাড়ার ৫ ইউপিতে নির্বাচনী হাওয়া, চেয়ারম্যান পদে বিএনপির অর্ধশতাধিক মনোনয়নপ্রত্যাশী

হোম » বরিশাল » আগৈলঝাড়ার ৫ ইউপিতে নির্বাচনী হাওয়া, চেয়ারম্যান পদে বিএনপির অর্ধশতাধিক মনোনয়নপ্রত্যাশী
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬


 

আগৈলঝাড়ার ৫ ইউপিতে নির্বাচনী হাওয়া, চেয়ারম্যান পদে বিএনপির অর্ধশতাধিক মনোনয়নপ্রত্যাশী

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে। চেয়ারম্যান পদে বিএনপির অর্ধশতাধিক মনোনয়নপ্রত্যাশীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থীরা মাঠে রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, পোস্টার-ব্যানার ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন তারা। হাটবাজার, চায়ের দোকান ও পাড়া-মহল্লায়ও নির্বাচন নিয়ে আলোচনা চলছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার, বাকাল, বাগধা, গৈলা ও রত্নপুর ইউনিয়নে বিএনপির একাধিক নেতা চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী। একই ইউনিয়নে একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভক্তির আশঙ্কাও দেখা দিয়েছে।

 

পাঁচ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা

 

রাজিহার ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীরা হলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন মিয়া, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, সদস্যসচিব শ্যামল চন্দ্র ঘটক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসিম উদ্দিন স্বপন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা হোসাইনুর রহমান এবং যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক শোভন রহমান মনির।

 

বাকাল ইউনিয়নে রয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কার্তিক বেপারী, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুছ আলী ফকির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম সরদার, সদস্যসচিব সুরজিৎ পান্ডে বাপ্পি, উপজেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক তারেক ফকির এবং বিএনপি নেতা অশোক সরকার।

 

বাগধা ইউনিয়নে চেয়ারম্যান পদে আগ্রহী উপজেলা বিএনপির সদস্য আব্দুস সালাম ভাট্টি, ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক কেএম রেজাউল ফয়েজ রেজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আহসান খান আপাং, সাবেক ছাত্রদল নেতা মিল্লাত বখতিয়ার, প্রবাসী বিএনপি নেতা অহিদুজ্জামান নিলু, বরিশাল স্বেচ্ছাসেবক দলের সাবেক মানবাধিকারবিষয়ক সম্পাদক মো. ছাইদুর রহমান মিয়া সাঈদ এবং বিএনপি নেতা আল আমিন হাওলাদার।

 

গৈলা ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, আবুল হোসেন মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত তালুকদার, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনায়েত খান মনু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজ্জাক ফকির, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সি, জেলা উত্তর তাঁতীদলের সদস্যসচিব ও বিআরডিবি চেয়ারম্যান আক্তারুজ্জামান, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও প্রবাসী রফিকুল ইসলাম দুলাল এবং সাবেক ছাত্রনেতা এস এম আবু হানিফ।

 

রত্নপুর ইউনিয়নে মনোনয়নপ্রত্যাশীরা হলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল মন্নান আকন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রদল সভাপতি শামসুল হক খোকন, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ মো. ফিরোজ, উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সিরাজুল ইসলাম শাহিন সেরনিয়াবাত, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাওন তালুকদার, গৌরনদী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহাগ ভুঁইয়া এবং বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি তপন সরকার বিন্দু।

 

ভোটারদের প্রত্যাশা সুষ্ঠু নির্বাচন

 

সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে নিজ নিজ ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ, নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চাওয়া শুরু করেছেন। চলছে পোস্টারিংও। কেউ মাদকমুক্ত সমাজ গঠন, কেউ শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন, আবার কেউ স্বচ্ছতা, জবাবদিহি ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিচ্ছেন।

 

স্থানীয় ভোটারদের প্রত্যাশা, নির্বাচনে প্রভাব বিস্তার, হুমকি-ধমকি ও সংঘাতের পরিবর্তে প্রার্থীদের যোগ্যতা, সততা ও জনসেবার মানসিকতা গুরুত্ব পাবে। নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা।

 

উপজেলা বিএনপির সদস্যসচিব মোল্লা বশির আহমেদ পান্না বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দলের কেন্দ্র ও জেলা পর্যায় থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা এলে সে অনুযায়ী প্রার্থীদের তালিকা পাঠানো হবে।

 

উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম বলেন, কেন্দ্র থেকে এখনো দলীয় মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত আসেনি। নির্দেশনা পাওয়া গেলে যোগ্য প্রার্থীদের মনোনয়নের জন্য সুপারিশ করা হবে।

 

নির্বাচনের তফসিল ও ভোটের দিনক্ষণ চূড়ান্ত না হলেও সম্ভাব্য প্রার্থীদের তৎপরতায় আগৈলঝাড়ার পাঁচ ইউনিয়নে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:২৮ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ