কলাপাড়া ও রাঙ্গাবালীতে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ দিলেন এমপি মোশাররফ

হোম » রাজনীতি » কলাপাড়া ও রাঙ্গাবালীতে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ দিলেন এমপি মোশাররফ
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬


 

কলাপাড়া ও রাঙ্গাবালীতে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ দিলেন এমপি মোশাররফ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার হিন্দু সম্প্রদায়ের নারীদের শাড়ি এবং পূজামণ্ডপগুলোতে নগদ অর্থ উপহার দিয়েছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব উপহার দেওয়া হয়।

 

সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কলাপাড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে এসব উপহার তুলে দেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবিএম মোশাররফ হোসেন এমপি।

 

জানা গেছে, কলাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের নারীদের জন্য ২৪০টি এবং রাঙ্গাবালীতে ৬০টি শাড়ি দেওয়া হয়েছে। এ ছাড়া কলাপাড়ার ১৭টি ও রাঙ্গাবালীর ছয়টি পূজামণ্ডপে ১০ হাজার টাকা করে দেওয়া হয়।

 

এ সময় কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ স্থগিত থাকা অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, জ্যেষ্ঠ সহসভাপতি মো. ইমরান বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান কাজল তালুকদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

উপহার বিতরণকালে এবিএম মোশাররফ হোসেন বলেন, গত বছরের তুলনায় এ বছর কলাপাড়ায় দুটি বেশি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের এ বৃহৎ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন তিনি।

 

তিনি আরও বলেন, পূজামণ্ডপে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনাও দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭:০৫:৫৪ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ