রাঙ্গাবালীতে ১২ জেলের কারাদণ্ড, ১৫ লাখ টাকার জাল ধ্বংস

হোম » জেলে-মৎস্য » রাঙ্গাবালীতে ১২ জেলের কারাদণ্ড, ১৫ লাখ টাকার জাল ধ্বংস
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬


 

রাঙ্গাবালীতে ১২ জেলের কারাদণ্ড, ১৫ লাখ টাকার জাল ধ্বংস

সাগরকন্যা প্রতিবেদক, রাঙ্গাবালী (পটুয়াখালী)

 

মা ইলিশ সংরক্ষণ অভিযানে পটুয়াখালীর রাঙ্গাবালীতে ১২ জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫০ হাজার মিটার জাল, ১৮ কেজি ইলিশ ও তিনটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

 

রবিবার রাত ১১টা থেকে সোমবার বেলা ১১টা পর্যন্ত আগুনমুখা, তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদে এ অভিযান চালায় উপজেলা মৎস্য বিভাগ ও বাংলাদেশ কোস্ট গার্ডের রাঙ্গাবালী আউটপোস্ট। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসানের দিকনির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. ইমরান হোসেন।

 

সোমবার সকাল ৬টার দিকে চরমোন্তাজ ইউনিয়নের চররুস্তুম সংলগ্ন তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদে অভিযান চালিয়ে ১২ জেলেকে আটক করা হয়। পরে ইউএনও নাজমুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

 

অভিযানে জব্দ করা ৫০ হাজার মিটার অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার হওয়া ১৮ কেজি ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

 

ইউএনও নাজমুল হাসান বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর সংশ্লিষ্ট ধারায় আটক জেলেদের কারাদণ্ড দেওয়া হয়েছে। মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে সাগর ও নদ-নদীতে অভিযান অব্যাহত থাকবে।

 

উল্লেখ্য, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে গত ৮ অক্টোবর থেকে ২২ দিনের জন্য সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা চলছে।

বাংলাদেশ সময়: ১৬:০৩:৩৬ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ