জিয়ানগরে রাস্তা অনিয়মের অভিযোগ খণ্ডনে ইউপি সদস্যের প্রতিবাদ

হোম পেজ » পিরোজপুর » জিয়ানগরে রাস্তা অনিয়মের অভিযোগ খণ্ডনে ইউপি সদস্যের প্রতিবাদ
মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২৬


 

জিয়ানগরে রাস্তা অনিয়মের অভিযোগ খণ্ডনে ইউপি সদস্যের প্রতিবাদ

সাগরকন্যা প্রতিবেদক, জিয়ানগর (পিরোজপুর)

পিরোজপুরের জিয়ানগরে কাজে অনিয়মের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ইউপি সদস্য।

 

মঙ্গলবার জিয়ানগর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইন্দুরকানী সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মিজান হাওলাদার লিখিত বক্তব্যে জানান, ২০২৫-২০২৬ অর্থবছরে কাবিখা প্রকল্পের আওতায় তার ওয়ার্ডে একটি ইট সোলিং রাস্তা মেরামতের জন্য ৩ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে রমজানের শেষ দিকে ১.৫ মেট্রিক টনের ডিও পেয়ে তা উত্তোলন করেন। এর আগে তিনি নিজ অর্থায়নে তার বাড়ির সামনে প্রায় ১৮৫ ফুট রাস্তা ইট সোলিং করেন বলে দাবি করেন। এ কাজকে কেন্দ্র করে স্থানীয় একটি পক্ষ ‘সরকারি বরাদ্দে নিজ বাড়ির রাস্তা নির্মাণ’ হয়েছে- এমন অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

তিনি আরও বলেন, ‘প্রকৃতপক্ষে বরাদ্দকৃত রাস্তার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং বাকি বরাদ্দ এখনও পাওয়া যায়নি। একটি পক্ষ না জেনে, না বুঝে আমাকে হেয় প্রতিপন্ন করতে অপপ্রচার চালাচ্ছে।’ এ বিষয়ে পুনরায় সরেজমিনে তদন্ত করে সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।

 

সংবাদ সম্মেলনে জিয়ানগর প্রেসক্লাবের সভাপতি খান মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান খানের সঞ্চালনায় স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি বরাদ্দে নিজ বাড়ির রাস্তা নির্মাণের বিষয়ে সাংবাদিকরা মুঠোফোনে জানতে চাইলে প্রথমদিকে তিনি বিষয়টি স্বীকার করেছিলেন। পরবর্তীতে আইনি জটিলতা এড়াতে তা অস্বীকার করেন। এছাড়া নিজ বাড়ির রাস্তার কাজ আগে সম্পন্ন করার পর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাকে শোকজ করেন এবং সংবাদ প্রকাশের পর বরাদ্দকৃত রাস্তার সংস্কার কাজ শুরু করা হয়।

বাংলাদেশ সময়: ২১:২৭:০২ ● ৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ