বরগুনা জেলা পরিষদের প্রশাসক হলেন নজরুল ইসলাম মোল্লা

হোম পেজ » লিড নিউজ » বরগুনা জেলা পরিষদের প্রশাসক হলেন নজরুল ইসলাম মোল্লা
মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২৬


 

বরগুনা জেলা পরিষদের প্রশাসক হলেন নজরুল ইসলাম মোল্লা

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মো: নজরুল ইসলাম মোল্লাকে বরগুনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জেলা পরিষদ বিভাগের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগসহ ১৪ জনের নামের তালিকা প্রকাশ করা হয়।

নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর বরগুনা শহরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন পোস্ট দিতে দেখা গেছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, নজরুল ইসলাম মোল্লা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীর কাছে পরাজিত হলেও বরগুনার রাজনীতিতে তার ভূমিকা বিবেচনায় দলীয়ভাবে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

জেলা বিএনপির সদস্য সচিব এস এম হুমায়ূন হাসান শাহীন সাগরকন্যাকে বলেন, ‘বরগুনা জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে নজরুল ইসলাম মোল্লাকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে জেলা বিএনপি কৃতজ্ঞতা প্রকাশ করছে।’

অন্যদিকে নবনিযুক্ত প্রশাসক মো: নজরুল ইসলাম মোল্লা বলেন, তিনি দলীয় নেতৃত্ব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ। তিনি জেলার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও পর্যটন খাতে সমন্বিত উন্নয়ন কার্যক্রমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, এর আগে বরগুনা জেলা পরিষদের প্রশাসক ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর কবীর। তিনি বর্তমানে বরগুনা কারাগারে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯:২৬:৩৪ ● ৫২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ