পাথরঘাটায় চাঁদাবাজ থাকবে, না হয় ওসি: চিফ হুইপ

হোম » বরগুনা » পাথরঘাটায় চাঁদাবাজ থাকবে, না হয় ওসি: চিফ হুইপ
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬


 

পাথরঘাটায় চাঁদাবাজ থাকবে, না হয় ওসি: চিফ হুইপ

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনার পাথরঘাটায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, ‘হয় পাথরঘাটায় চাঁদাবাজ থাকবে, না হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থাকবেন।’

 

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে পাথরঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

 

চিফ হুইপ বলেন, পাথরঘাটায় কিশোর গ্যাং ও মাদকের কোনো স্থান নেই। আগামী দুই মাসের মধ্যে কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ নির্মূল করতে হবে। চাঁদাবাজি, অবৈধ দখলদারি ও মাদক ব্যবসার বিরুদ্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

 

বরগুনা-২ আসনকে মডেল ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করা হবে।

 

সভা শেষে চিফ হুইপ পাথরঘাটা উপজেলা পরিষদে নবনির্মিত সালামি মঞ্চ ও সংসদ সদস্যদের জন্য বিশেষ পরিদর্শন কক্ষ উদ্বোধন করেন।

 

এ ছাড়া শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার ৪৫টি পূজামণ্ডপে ব্যক্তিগত উদ্যোগে পাঁচ হাজার টাকা করে সহায়তা দেন তিনি। প্রতিটি মণ্ডপের জন্য সরকারি বরাদ্দের এক টন করে চালও বিতরণ করা হয়।

 

সাগরে মাছ ধরতে গিয়ে দীর্ঘদিন নিখোঁজ থাকা তিন জেলের পরিবারকে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন চিফ হুইপ। এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:২৪:১৯ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ