সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল
কম টাকায় বেশি টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে যশোরের শার্শায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে নগদ ২ লাখ ৭৬ হাজার টাকা ও প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামের মাস্টারপাড়ায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা ওই গ্রামের আক্কাস আলী মাস্টারের বাড়ির নিচতলার একটি কক্ষে ভাড়া থাকতেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আয়ুব আলীর ছেলে হাবিবুর রহমান (৫০), একই জেলার মৃত আমীন উদ্দীনের ছেলে বকুল হোসেন (৫০) এবং শার্শা উপজেলার রামপুর গ্রামের মৃত ছাফেদ আলী মণ্ডলের ছেলে রেজাউল হোসেন (৬০)।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল ওই বাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে নগদ ২ লাখ ৭৬ হাজার টাকা, তিনটি পুরোনো স্মার্টফোন, এক হাজার টাকার নোটের আদলে তৈরি আটটি কাচের টুকরা, দুটি লাল সালু কাপড়, দুটি লাল রঙের কাটিং সুতা ও একটি পুরোনো নীল হ্যান্ডব্যাগ জব্দ করা হয়।
ওসি আরও জানান, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় প্রতারণার মাধ্যমে মানুষের অর্থ হাতিয়ে নিচ্ছিল বলে অভিযোগ রয়েছে। অল্প টাকা জমা দিলে কয়েক দিন পর তা দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁরা মানুষকে প্রতারণার ফাঁদে ফেলতেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁদের যশোরের আদালতে পাঠানো হয়েছে।
প্রতারণার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।