নেছারাবাদে ফ্যামিলি কার্ডের তথ্য যাচাই হবে ৪৫ দিনে

হোম » পিরোজপুর » নেছারাবাদে ফ্যামিলি কার্ডের তথ্য যাচাই হবে ৪৫ দিনে
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬


 

নেছারাবাদে ফ্যামিলি কার্ডের তথ্য যাচাই হবে ৪৫ দিনে

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। এ কর্মসূচির আওতায় উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৫৪ হাজার ১৭০ জনের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করা হবে। এ কাজের জন্য নির্ধারণ করা হয়েছে ৪৫ দিন।

 

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

 

প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নেওয়া এ কর্মসূচিতে প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করার ওপর গুরুত্ব দেন আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেন, ফ্যামিলি কার্ড বিতরণে দলীয় বিবেচনা, পক্ষপাতিত্ব বা অনিয়মের কোনো সুযোগ নেই। নিরপেক্ষভাবে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করতে হবে, যাতে কোনো যোগ্য পরিবার বাদ না পড়ে এবং অযোগ্য কেউ তালিকায় অন্তর্ভুক্ত না হয়।

 

প্রতিমন্ত্রী আরও জানান, প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। এর মধ্যে নেছারাবাদও রয়েছে। পর্যায়ক্রমে দেশের সব যোগ্য পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

 

এর আগে শনিবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিক আহমেদের সভাপতিত্বে সভায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

 

সভায় ইউএনও মো. আশিক আহমেদ বলেন, প্রকৃত উপকারভোগীদের সঠিকভাবে চিহ্নিত করতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সমন্বয়ের মাধ্যমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা হবে। নির্ধারিত ৪৫ দিনের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সালাউদ্দিন শেখ, স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার, পৌর বিএনপির সভাপতি কামাল কাজী, সাধারণ সম্পাদক মইনুল হাসানসহ স্থানীয় সাংবাদিক, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা।

 

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তথ্য যাচাই-বাছাই সম্পন্ন হলে প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করা সহজ হবে। এতে সরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি সুবিধাবঞ্চিত পরিবারগুলোর সামাজিক সুরক্ষা জোরদার হবে।

বাংলাদেশ সময়: ১৯:২৪:৫২ ● ১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ