কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত সাতজনের তিনজন আমতলীর একই পরিবারের

হোম » বরগুনা » কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত সাতজনের তিনজন আমতলীর একই পরিবারের
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬


 

ছবি সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত সাতজনের মধ্যে তিনজন বরগুনার আমতলী উপজেলার একই পরিবারের সদস্য। বাকি চারজনও তাঁদের স্বজন। নিহতদের মরদেহ আনতে পরিবারের সদস্যরা শনিবার বিকেলে ঘটনাস্থলে গেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহত তিনজন হলেন আমতলীর অবসরপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা মো. কবির তালুকদারের মেয়ে ফারিহা কবির, ছেলে কৌশিক জেরিফ ও নাতি ফাইজান আহম্মেদ। নিহত অপর চারজন হলেন ইসরাত জাহান মালিহা, মিলিতা মেহজাবিন আলভি, লায়লা জাহান নাভিলা ও নাফিসতা মীম। তাঁরা কবির তালুকদারের ভায়রার পরিবারের সদস্য। তাঁদের বাড়ি ঢাকার ফতুল্লায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার কবির তালুকদারের জামাতা নুরে আলম, মেয়ে ফারিহা কবির, ছেলে কৌশিক জেরিফ, নাতি ফাইজান আহম্মেদ এবং তাঁর ভায়রা মামুনুর রশিদের পরিবারের সদস্যরা আনন্দভ্রমণে কক্সবাজার যান। সেখানে তাঁরা টুপটুপ রিসোর্টে ওঠেন। তবে নুরে আলম শুক্রবার ঢাকায় ফিরে যান।

কবির তালুকদার জানান, অগ্নিকাণ্ডের সময় তিনজন জানালা ভেঙে বাইরে বের হতে পারলেও বাকি সাতজন বের হতে পারেননি। তাঁদের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে।

কৌশিক জেরিফ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি পড়াশোনা শেষ করে চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন।

একই পরিবারের তিনজনসহ স্বজনদের মৃত্যুর ঘটনায় আমতলীর কুকুয়া ইউনিয়নের কালিপুরা গ্রাম ও নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

কান্নাজড়িত কণ্ঠে মো. কবির তালুকদার বলেন, ‘আমার কিছুই রইল না। ছেলে, মেয়ে ও নাতি মারা গেছে। তারপর ভায়রার পরিবারের চারজন মারা গেছেন।’

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ‘বিষয়টি জেনেছি। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা।’

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, ‘শুনেছি, অগ্নিকাণ্ডে আমতলীর একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। পরিবার সহায়তা চাইলে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।’

বাংলাদেশ সময়: ১৯:১৭:৫৬ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ