সুন্দরবনে অভিযান অস্ত্রসহ ছোট সুমন বাহিনীর সদস্য ইয়াছিন সেখ আটক

হোম পেজ » খুলনা » সুন্দরবনে অভিযান অস্ত্রসহ ছোট সুমন বাহিনীর সদস্য ইয়াছিন সেখ আটক
সোমবার ● ২৩ মার্চ ২০২৬


 

অস্ত্রসহ ছোট সুমন বাহিনীর সদস্য ইয়াছিন সেখ আটক

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট (মোংলা)

সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য ইয়াছিন সেখ (৪০)কে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় একটি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়েছে।

 

কোস্ট গার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট আশিকুল ইসলাম ইমন সোমবার (২৩ মার্চ) এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ছোট সুমন বাহিনীর এক সদস্য মোংলা উপজেলার বৈদ্যমারী এলাকার ফেলুর খণ্ডে অবস্থান করছে। এর ভিত্তিতে রবিবার (২২ মার্চ) বিকাল ৩টার দিকে বৈদ্যমারী বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকা থেকে ইয়াছিন সেখকে আটক করা হয়।

 

তিনি আরও জানান, আটককৃত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত ১টার দিকে মোংলা উপজেলার ধানসিঁড়ির চর খাল সংলগ্ন এলাকা থেকে একটি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।

 

আটক ইয়াছিন সেখ বাগেরহাট জেলার মোংলা উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ছোট সুমন বাহিনীর হয়ে ডাকাতি এবং অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন বলে জানায় কোস্ট গার্ড।

 

জব্দকৃত আলামত ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া সুন্দরবনকে ডাকাতমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে জানান লেফটেন্যান্ট আশিকুল ইসলাম ইমন।

বাংলাদেশ সময়: ১৯:৩০:১৮ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ