দশমিনায় বিএনপির সংবাদ সম্মেলন: ‘বিভ্রান্তিকর বক্তব্যে ক্ষুণ্ন হচ্ছে দলীয় ভাবমূর্তি’

হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় বিএনপির সংবাদ সম্মেলন: ‘বিভ্রান্তিকর বক্তব্যে ক্ষুণ্ন হচ্ছে দলীয় ভাবমূর্তি’
সোমবার ● ২৩ মার্চ ২০২৬


 

দশমিনায় বিএনপির সংবাদ সম্মেলন: ‘বিভ্রান্তিকর বক্তব্যে ক্ষুণ্ন হচ্ছে দলীয় ভাবমূর্তি’

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ফ্যামিলি কার্ড সংক্রান্ত বিভ্রান্তিকর বক্তব্য ও মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।

 

সোমবার (২৩ মার্চ) বিকাল সাড়ে ৫টায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সদ্য বিলুপ্ত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল লিখিত বক্তব্য পাঠ করেন।

 

লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলা বিএনপির বর্তমান কমিটির সদস্য সচিব শাহ আলম শানুর কিছু বক্তব্য ও কার্যক্রম দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। বিশেষ করে ফ্যামিলি কার্ড বিতরণ নিয়ে তার বক্তব্যকে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়। এতে সাধারণ মানুষের মাঝে ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

 

এছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান টোটনের প্রতি হুমকিমূলক আচরণের অভিযোগ তুলে তা সংগঠনের শৃঙ্খলাবিরোধী বলে উল্লেখ করা হয়। নেতারা জানান, এ ধরনের কর্মকাণ্ডে দলীয় ঐক্য বিনষ্ট হচ্ছে এবং সাধারণ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ১১ মার্চ চর বোরহান ইউনিয়নে বিএনপির কর্মীসভা ও ইফতার মাহফিলে আওয়ামী লীগের পোস্টধারী এক নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যানের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে, যা দলীয় নীতিমালার পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ডে দলীয় আদর্শ ক্ষুণ্ন হচ্ছে বলেও উল্লেখ করা হয়।

 

বক্তারা বর্তমান আহ্বায়ক কমিটির অধিকাংশ নেতার বিরুদ্ধে দলের আদর্শ থেকে বিচ্যুত হওয়ার অভিযোগ তুলে দ্রুত গ্রহণযোগ্য ও শক্তিশালী নতুন কমিটি গঠনের দাবি জানান।

 

সংবাদ সম্মেলন থেকে বর্তমান সদস্য সচিবের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ, কেন্দ্রীয় বিএনপি নেতা হাসান মামুনের বহিষ্কার প্রত্যাহার এবং ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে নতুন উপজেলা কমিটি গঠনের দাবি জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:১৮:৫১ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ