
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
ঈদের তৃতীয় দিন সোমবার কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের ব্যাপক সমাগম ঘটেছে। গত দুই দিনের তুলনায় দ্বিগুণ পর্যটক বাড়ায় সৈকতের জিরো পয়েন্টসহ আশপাশের এলাকা পর্যটকে পরিপূর্ণ হয়ে ওঠে।
সৈকতের বালিয়াড়িতে পর্যটকদের হৈহুল্লোড় আর আনন্দ-উচ্ছ্বাসে মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। কেউ সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন, কেউ বেঞ্চে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। অনেকে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। শিশুদেরও দেখা গেছে বালু খেলায় মেতে উঠতে।
পর্যটকদের অনেকে মোটরবাইক, ওয়াটারবাইক ও ঘোড়ায় চড়ে লেম্বুরবন, শুঁটকি পল্লী ও গঙ্গামতিসহ বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখছেন। পর্যটকের ভিড়ে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রি বেড়েছে, অধিকাংশ হোটেল-মোটেলে বুকিং প্রায় পূর্ণ।
স্পিডবোট ব্যবসায়ী মো. ইয়াসিন বলেন, ‘গত দুই দিনের তুলনায় আজ পর্যটক অনেক বেশি। এতে পর্যটন ব্যবসায়ীরা আশাবাদী।’
ঝিনুক ব্যবসায়ী মো. জুয়েল ইসলাম বলেন, ‘রমজানজুড়ে পর্যটক কম ছিল, তবে ঈদের পর থেকে প্রচুর পর্যটক আসায় বেচাকেনা বেড়েছে।’
ঢাকা থেকে আসা পর্যটক মো. রবিউল ইসলাম বলেন, ‘পর্যটকের চাপ অনেক, তবে সংযোগ সড়কগুলো দ্রুত উন্নয়ন করা জরুরি। বর্ষার আগেই কুয়াকাটার বেড়িবাঁধ রক্ষায় ব্যবস্থা নেওয়া উচিত।’
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোতালেব শরীফ বলেন, ‘বর্তমানে অধিকাংশ হোটেলের প্রায় ৭০ শতাংশ রুম বুকিং রয়েছে, যা আরও বাড়তে পারে।’
ট্যুরিস্ট পুলিশ জানায়, পর্যটকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি চলছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ বলেন, ‘ঈদের ছুটিকে ঘিরে কুয়াকাটায় পর্যটকের চাপ বেড়েছে। উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পর্যটকদের নিরাপত্তায় প্রস্তুত রয়েছে।’