
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন হাজারীগঞ্জ ইউনিয়নে বিরোধপূর্ণ জমিতে আদালতের নিষেধাজ্ঞার সাইনবোর্ড টানাতে গেলে হামলার ঘটনায় দুই ভাই আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বাচ্চু ও জিহাদ। এ সময় তাদের মা বিবি ফাতেমাকেও মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্ত হিসেবে আবদুল হাই পাটওয়ারী, মহিউদ্দিন পাটওয়ারী ও ফারুক পাটওয়ারীর নাম উল্লেখ করা হয়েছে। উভয় পক্ষের বাড়ি হাজারীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে।
স্থানীয়রা জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ বিষয়ে মামলা থাকায় আদালত স্থিতাবস্থা বজায় রাখতে নিষেধাজ্ঞা জারি করেন। মঙ্গলবার সকালে বাচ্চু ও জিহাদ ওই জমিতে নিষেধাজ্ঞা সংবলিত সাইনবোর্ড টানাতে গেলে প্রতিপক্ষ তাদের ধাওয়া দিয়ে হামলা চালায়। এতে দুই ভাই আহত হন।
আহত বাচ্চু জানান, সাইনবোর্ড টানানোর সময় প্রতিপক্ষ তাদের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। মাথা রক্ষা করতে গেলে তার হাতে আঘাত লাগে এবং তার ভাইয়ের মাথায়ও আঘাত করা হয়। এ সময় তাদের মা এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।
এদিকে অভিযুক্ত ফারুক পাটওয়ারী বলেন, দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গে তিনি দাবি করেন, আমরা মেরেছি যখন, তখন তারা ভিডিও করেছে; তারা যখন আমাদের মেরেছে, তখন আমরা ভিডিও করতে পারিনি।
তবে নিষেধাজ্ঞার সাইনবোর্ড টানাতে বাধা দেওয়ার বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকরুল ইসলাম জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।