
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
স্বরূপকাঠি (নেছারাবাদ) রিক্সা শ্রমিক ইউনিয়নের ৬৫০ জন সদস্যের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে স্বরূপকাঠি বাসস্ট্যান্ডে ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জনপ্রতি ৬০০ টাকা করে এ উপহার দেওয়া হয়।
ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেনের সভাপতিত্বে ও উপদেষ্টা মো. আমিনুল ইসলাম মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ। এ সময় আরও বক্তব্য দেন স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুজ্জামান, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন তালুকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. নাঈমুল ইসলাম এবং ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শামিম মৃধা।
অনুষ্ঠানে শ্রমিক সদস্যরা বলেন, দীর্ঘদিন সংগঠন থেকে তারা তেমন কোনো সহায়তা পাননি এবং জমাকৃত অর্থের হিসাবও নিয়মিত পেতেন না। তবে বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পর গত দুই বছর ধরে নিয়মিতভাবে ঈদ উপহার প্রদান করা হচ্ছে, যা তাদের মধ্যে সন্তোষ সৃষ্টি করেছে।
উপদেষ্টারা জানান, গত দুই বছরে ইউনিয়নের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে ইউনিয়নের জন্য একটি স্থায়ী কার্যালয়ের ব্যবস্থা করা হবে, যাতে কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালনা করা যায়।