দুমকিতে ১০ দিনে ৪৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৩ জেলে আটক

হোম » পটুয়াখালী » দুমকিতে ১০ দিনে ৪৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৩ জেলে আটক
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬


দুমকিতে ১০ দিনে ৪৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৩ জেলে আটকসাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকিতে মা-ইলিশ সংরক্ষণ অভিযানে ১০ দিনে ৪৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় চারটি ইঞ্জিনচালিত নৌকা জব্দের পাশাপাশি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে তিন জেলেকে আটক করা হয়। তাঁদের মধ্যে দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। অপরজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ অক্টোবর) ভোর থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পায়রা নদীর বাহেরচর, লেবুখালী ও আলগি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

আটক জেলেরা হলেন পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার নারায়ঙ্গল এলাকার মো. জসিম হাওলাদার (৪৩), একই উপজেলার নলুয়া গ্রামের মো. হান্নান খান (৩০) এবং দুমকি উপজেলার ১ নম্বর ওয়ার্ডের মো. আলআমীন (১৭)। তাঁদের মধ্যে জসিম হাওলাদার ও হান্নান খানকে মৎস্য সংরক্ষণ আইনে করা পৃথক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আলআমীনকে বিশেষ মুচলেকায় মুক্তি দেওয়া হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, গত ৮ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত পায়রা নদীতে পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ৪৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও তিনটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে। জব্দ করা জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

তিনি বলেন, মা-ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, মা-ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।

বাংলাদেশ সময়: ১১:০৫:১৪ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ