বরগুনায় অপরাধীদের ছাড় নয়, কঠোর হুঁশিয়ারি চিফ হুইপের

হোম » বরগুনা » বরগুনায় অপরাধীদের ছাড় নয়, কঠোর হুঁশিয়ারি চিফ হুইপের
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬


বরগুনায় অপরাধীদের ছাড় নয়, কঠোর হুঁশিয়ারি চিফ হুইপেরসাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনায় চাঁদাবাজি, ভূমিদস্যুতা, মাদক কারবার ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি। অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে কাউকে ছাড় না দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি উন্নয়ন প্রকল্পে অনিয়ম বন্ধ করে সরকারি বরাদ্দের স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করার ওপরও জোর দিয়েছেন।

 

শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় বরগুনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নবিষয়ক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।

 

চিফ হুইপ বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং হয়রানিমুক্ত সরকারি সেবা দেওয়া প্রশাসনের দায়িত্ব। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসন, পুলিশ ও অন্যান্য বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

 

তিনি আরও বলেন, বরগুনার কৃষি, মৎস্য, পর্যটন ও যোগাযোগব্যবস্থার উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। সরকারি প্রকল্পের অর্থের অপচয় রোধ এবং উন্নয়নের সুফল সরাসরি মানুষের কাছে পৌঁছানো নিশ্চিত করতে হবে।

 

জেলা প্রশাসক তাছলিমা আক্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান ওয়ালি উল্লাহ অলি, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, জেলা বিএনপির সদস্যসচিব মো. হুমায়ুন হাসান শাহীন এবং সরকারি কৌঁসুলি (পিপি) মো. নুরুল আমীন। সভায় সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৪০:৩১ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ