বাগেরহাটে সুন্দরবনে অপহৃত ৬ জেলে উদ্ধার, পালিয়েছে দস্যুরা

হোম পেজ » খুলনা » বাগেরহাটে সুন্দরবনে অপহৃত ৬ জেলে উদ্ধার, পালিয়েছে দস্যুরা
মঙ্গলবার ● ১৭ মার্চ ২০২৬


 

বাগেরহাটে সুন্দরবনে অপহৃত ৬ জেলে উদ্ধার, পালিয়েছে দস্যুরা

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে অপহৃত ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে পরিচালিত এক অভিযানে শিবসা নদী সংলগ্ন কালির খাল এলাকা থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

 

কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের কর্মকর্তা লেফটেন্যান্ট আশিকুল ইসলাম ইমন জানান, গত ৭ মার্চ মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে ৬ জেলে ‘নানা ভাই বাহিনী’র সদস্যদের হাতে অপহৃত হন। পরে তাদের জিম্মি রেখে মুক্তিপণের জন্য নির্যাতন করা হচ্ছিল। এ ঘটনায় ভুক্তভোগী এক জেলের স্বজন কোস্ট গার্ডের জরুরি নম্বর ১৬১১১-এ অভিযোগ জানান।

 

তিনি আরও জানান, অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি চালিয়ে মঙ্গলবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিদের রেখে বনের ভেতরে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

উদ্ধার হওয়া জেলেদের মধ্যে রফিকুল (৩০), আলামিন (২৬) ও ইসমাঈল শানা (২৪) খুলনার কয়রা উপজেলার বাসিন্দা। অপরদিকে রমজান আলী (৩৬), রেজওয়ান (২২) ও মিয়া রাজ (১৮) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসিন্দা।

 

উদ্ধারকৃত জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। একই সঙ্গে সুন্দরবনকে ডাকাতমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১:৫৬:৪০ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ