
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় সামাজিক সংগঠন নবজাগরণ স্বেচ্ছাসেবী সংগঠন পবিত্র রমজান উপলক্ষে অন্যান্য বছরের মত এবারও অর্ধশতাধিক অসচ্ছল পরিবারের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করেছে।
সংগঠন সূত্রে জানা যায়, ২০২৩ সালে প্রতিষ্ঠিত নবজাগরণ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রতিবছর রমজান মাসে অসচ্ছল পরিবারের জন্য সেহরি ও ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় চলতি রমজানেও সংগঠনের স্বেচ্ছাসেবীরা কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে অর্ধশতাধিক পরিবারের মাঝে এসব সামগ্রী পৌঁছে দেন।
সংগঠনের সাধারণ সম্পাদক জায়েদ হাসান জাহিদ বলেন, মানবিক কাজে তরুণদের সম্পৃক্ত করাই আমাদের মূল লক্ষ্য। প্রতিবছর রমজানে আমরা চেষ্টা করি অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে।
সহায়তা পাওয়া চর ধুলাসার গ্রামের হাসেম চৌধুরী বলেন, রমজানে সংসার চালানো কঠিন হয়ে যায়। এই সহায়তা পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি।
আরেক উপকারভোগী একই গ্রামের ইকবাল হাওলাদার ও আনু মিয়া বলেন, সংগঠনের সদস্যরা নিজেরাই বাড়িতে এসে সেহরি ও ইফতারের সামগ্রী দিয়ে গেছেন, এজন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।
সংগঠনের সভাপতি মোবাশ্বের আলী বলেন, রমজান মাসে অনেক অসচ্ছল পরিবার ঠিকমতো সেহরি ও ইফতার করতে পারে না। তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য থেকেই আমাদের এই উদ্যোগ।
তিনি জানান, সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বেশি পরিবারকে সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।