
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর এক সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (১০ মার্চ) সকালে খুলনার দাকোপ উপজেলার শিবসা নদী এলাকায় পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।
মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে বিসিজিএস তৌফিকের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট আশিকুল ইসলাম ইমন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—সুন্দরবনের কুখ্যাত দয়াল বাহিনীর এক সদস্যের জন্য রসদ সরবরাহ করতে একজন সহযোগী সুন্দরবনে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে সকাল ১০টার দিকে কোস্ট গার্ড দাকোপের শিবসা নদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় দয়াল বাহিনীর অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহকারী আব্দুল হালিমকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুর ১টার দিকে দাকোপের টাকাতোলা খাল সংলগ্ন এলাকা থেকে একটি একনলা বন্দুক ও ৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
আটক আব্দুল হালিম (৩৬) সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে দয়াল বাহিনীর সদস্যদের অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।
জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট আশিকুল ইসলাম ইমন বলেন, সুন্দরবনকে ডাকাতমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।