আপস অযোগ্য মামলায় আপসের আবেদন, বাদীকে ২ দিনের কারাদণ্ড

হোম » আইন-আদালত » আপস অযোগ্য মামলায় আপসের আবেদন, বাদীকে ২ দিনের কারাদণ্ড
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

 

পটুয়াখালীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের আপস অযোগ্য ধারায় দায়ের করা মামলায় আপসের আবেদন করায় বাদীকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার আসামিকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

 

সোমবার পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন এ আদেশ দেন।

 

দণ্ডপ্রাপ্ত বাদী মোহাম্মদ আলী হাওলাদার (৩২)। তিনি গলাচিপা উপজেলার পশ্চিম পক্ষিয়া এলাকার বাসিন্দা। মামলার আসামি মো. আজিজুল হাওলাদার (২৪) একই এলাকার বাসিন্দা।

 

মামলার বিবরণ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৪ বছর বয়সী ভাতিজিকে যৌন নির্যাতনের অভিযোগে আজিজুল হাওলাদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা করেন মোহাম্মদ আলী হাওলাদার। পরবর্তী সময়ে স্থানীয়ভাবে দুই পক্ষের মধ্যে আপস-মীমাংসা হয়। এরপর বাদী ও আসামি আদালতে উপস্থিত হয়ে আপসের ভিত্তিতে মামলা প্রত্যাহারের আবেদন করেন।

 

তবে আইন অনুযায়ী আপস অযোগ্য এ ধারার মামলায় আপসের আবেদন করায় বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেন ট্রাইব্যুনাল। আদালত তাঁকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে মামলার আসামিকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান বলেন, ভুক্তভোগীকে আদালতে উপস্থিত না করে আপস অযোগ্য ধারার মামলায় আপসের আবেদন করায় ট্রাইব্যুনাল বাদীকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে আসামিকেও হাজতে পাঠিয়েছেন।

 

তিনি আরও বলেন, অনেক সময় স্থানীয়ভাবে প্রভাবশালী ও অতি উৎসাহী কিছু ব্যক্তি বড় অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে চাপ ও বলপ্রয়োগ করে ভুক্তভোগী ও বাদীকে আপসে বাধ্য করেন। আপস অযোগ্য ধারার মামলায় এ ধরনের আপস দণ্ডনীয় অপরাধ। আদালতের এ আদেশের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় স্পষ্ট বার্তা যাবে যে, আইনে আপসের সুযোগ নেই এমন মামলায় আপস করার সুযোগ নেই।

বাংলাদেশ সময়: ১৩:৩৬:০৩




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ