কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে ঝগড়া, শাশুড়িকে কুপিয়ে পালালেন জামাতা

হোম » পটুয়াখালী » কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে ঝগড়া, শাশুড়িকে কুপিয়ে পালালেন জামাতা
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬


 

কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে ঝগড়া, শাশুড়িকে কুপিয়ে পালালেন জামাতা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামাতার বিরুদ্ধে। সোমবার (২৩ নভেম্বর) রাতে হাসপাতালের ভেতরে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত জামাতা পালিয়ে যান।

 

আহত সাথী বেগম (৪০) উপজেলার ধানখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গন্ডামারা গ্রামের মো. মোশাররফ মোল্লার স্ত্রী।

 

হাসপাতাল সূত্রে জানা যায়, বিভিন্ন শারীরিক সমস্যার কারণে গত নয় দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন সাথী বেগমের মেয়ে আলিফা। মেয়ের সেবা-যত্নের জন্য হাসপাতালে অবস্থান করছিলেন তিনি। সোমবার রাতে আলিফার স্বামী শাওন হাসপাতালে এসে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটিতে জড়ান। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি শুরু হলে মেয়েকে রক্ষা করতে এগিয়ে যান সাথী বেগম।

 

এ সময় শাওন পকেট থেকে ধারালো অস্ত্র বের করে সাথী বেগমের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকেরা মাথায় সাতটি সেলাই দেন। এদিকে ঘটনার পরপরই সেখান থেকে পালিয়ে যান শাওন।

 

অভিযুক্ত শাওন কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে।

 

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮:০৪:৪৭




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ