কলাপাড়ায় জমির বিরোধে মামলা: হুমকির অভিযোগ প্রাক্তন শিক্ষকের

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় জমির বিরোধে মামলা: হুমকির অভিযোগ প্রাক্তন শিক্ষকের
সোমবার ● ৯ মার্চ ২০২৬


 

কলাপাড়ায় জমির বিরোধে মামলা: হুমকির অভিযোগ প্রাক্তন শিক্ষকের

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় প্রাক্তন সহকারী শিক্ষক মো. আলমগীর হোসেন মোল্লা জমি সংক্রান্ত বিরোধে মামলা দায়ের করার পর বিপাকে পড়েছেন। উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের গোলবুনিয়া এলাকার ওই সাবেক শিক্ষক অভিযোগ করেছেন, মামলার আসামীরা তাকে হুমকি দিচ্ছেন।

 

বাদীর অভিযোগ, আসামি ফোরকান হাওলাদার, তার ছোট ভাই নিজাম হাওলাদার ও মামা নান্নু হাওলাদার জোরপূর্বক জমির সীমানার বেড়া কেটে নিয়ে যায় এবং রাতে হামলার চেষ্টা করে। এতে তিনি ও তার পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানান।

 

মামলার আসামিরা হলেন- আবুল হাসেম (৭০), মো. লোকমান (৪৫), মো. ফোরকান হাওলাদার (৪০), নিজাম হাওলাদার (৩৫), জালাল হাওলাদার (৭২), নান্নু হাওলাদার (৬৮), মো. ইয়াসিন (২৫) ও মো. আল আমিন (২৩)।

 

মামলার বিবরণে জানা যায়, বাদী খেপুপাড়া সাব-রেজিস্ট্রি অফিসে নিবন্ধিত একাধিক দলিলের মাধ্যমে মোট প্রায় ১ একর ৯৬ শতাংশ জমি ক্রয় করেন। দীর্ঘদিন ধরে ওই জমিতে বসতবাড়ি, বাগান ও পুকুর তৈরি করে বসবাস ও চাষাবাদ করে আসছেন তিনি।

 

তিনি আরও জানান, বর্তমান বিএস জরিপে জে এল নং-৩২, মিঠাগঞ্জ মৌজার বিএস ৫৮০ নং খতিয়ানে প্রায় ১ একর ৮০ শতাংশ জমির রেকর্ডও তার নামে রয়েছে।

 

অভিযোগে বলা হয়, আসামিরা সংঘবদ্ধ ভূমিদস্যু ও চাঁদাবাজ চক্রের সদস্য। তারা বাদীর মালিকানাধীন এসএ ১৫৬ ও ২৪৫ নং খতিয়ানের জমির মধ্যে বিএস ৪২০৭, ৪২১৩ ও ৪২১৪ নং দাগের মোট ৩৭ শতাংশ জমি জোরপূর্বক দখল করে নেয়। এ সময় জমির উপরিভাগের মাটি কেটে জমির আকার-আকৃতি পরিবর্তন করে নিজেদের বাড়ির সঙ্গে যুক্ত করে নেয়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন বাদী।

 

ঘটনার সময় তিনি ও সাক্ষীরা বাধা দিলে আসামিরা খুন-জখমের ভয়ভীতি দেখিয়ে জমিটি নিজেদের বলে এলাকায় প্রচার করতে থাকে বলেও মামলায় উল্লেখ করা হয়।

 

এ ঘটনায় তিনি ভূমি সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৪(১)(ক), ৭, ১০, ১৩ ও ১৬ ধারায় আদালতে মামলা দায়ের করেছেন এবং আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন। বর্তমানে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বলে জানান তিনি।

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্তদের মধ্যে ফোরকান হাওলাদার বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। আমরা বৈধভাবে জমির বিএস রেকর্ড করেছি। এর প্রতিবাদ করায় আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪:৫২:১৫ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ