
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালী জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী রাখাইন সম্প্রদায়ের আগমনের ২৪০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের আমখোলাপাড়া গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।
ম্রাচেত্তনা সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও রাখাইন কমিউনিটি অব ওয়াজুয়ান সংগঠনের ব্যানারে আয়োজিত সভায় পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভা, মহিপুর থানা, রাঙ্গাবালী উপজেলা ও কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকার রাখাইন সম্প্রদায়ের সদস্যরা অংশগ্রহণ করেন। রাখাইন জনগোষ্ঠীর আগমনের ২৪০ বছর পূর্তি উপলক্ষে এ ধরনের উদ্যোগ এই প্রথমবার নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।
পটুয়াখালী জেলা বৌদ্ধ বিহার সমিতির সভাপতি ও অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি মং খেহানের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন রাখাইন বৌদ্ধ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মংলাচিন, রাখাইন সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মংতেন এবং আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক মংম্যা প্রমুখ।
বক্তারা বলেন, প্রায় ২৪০ বছর আগে আরাকান রাজ্যে জাতিগত দ্বন্দ্বের কারণে রাখাইন জনগোষ্ঠী সেখান থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশের দক্ষিণ উপকূলে এসে আশ্রয় নেয়। ১৭৮৪ সালের ৩১ ডিসেম্বর তৎকালীন বর্মা রাজা আরাকান অঞ্চল দখল করলে রাখাইনদের একটি অংশ সেখান থেকে বিতাড়িত হয়। পরে ১৭৮৫ সালের শুরুর দিকে প্রায় ৫০টি নৌকায় করে প্রায় ১৫০টি পরিবার উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে পটুয়াখালী ও বরগুনা জেলার উপকূলীয় এলাকায় এসে বসতি স্থাপন করে।