পিরোজপুর সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেসমিন জুঁই

হোম পেজ » পিরোজপুর » পিরোজপুর সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেসমিন জুঁই
শনিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৬


পিরোজপুর সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেসমিন জুঁই

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)
পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠি গ্রামের মেয়ে সুলতানা জেসমিন জুঁই পিরোজপুর সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে আলোচনার কেন্দ্রে রয়েছেন। তৃণমূল থেকে উঠে আসা এই তরুণ নেত্রী শিক্ষা, আদর্শ ও সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে নিজেকে গড়ে তুলেছেন দৃঢ় প্রত্যয়ে।

তিনি চীন থেকে প্রজেক্ট ম্যানেজমেন্টে মাস্টার্স সম্পন্ন করেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। গ্রামের একটি মেয়ের আন্তর্জাতিক অঙ্গনে উচ্চশিক্ষা অর্জনের এই যাত্রা অনেক তরুণীর জন্য অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।

ছাত্রজীবন থেকেই রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় জুঁই। এবারের জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি পোলিং এজেন্ট প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন। তিনি জাতীয়তাবাদী ছাত্রদল-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন-সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে। ২০২২-২৪ সময়কালে জিয়া মেমোরিয়াল লাইব্রেরি-এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে গবেষণা, জরিপ ও নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রমেও তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। বিএনপির গবেষণা শিক্ষানবিশ কর্মসূচির জন্য বিশেষভাবে প্রশিক্ষিত তিনি ২০১৮ সালে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর অধীনে মাস্টার ট্রেইনার প্রোগ্রাম সম্পন্ন করেন। পাশাপাশি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর প্রশিক্ষিত ফার্স্ট এইডার হিসেবেও কাজ করেছেন। চীনে অধ্যয়নকালে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন এবং আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণ তার নেতৃত্বগুণকে আরও সমৃদ্ধ করেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর আস্থাভাজন হিসেবে পরিচিত সুলতানা জেসমিন জুঁই জানান, সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলে তিনি কারিগরি শিক্ষা ও জলবায়ু পরিবর্তন ইস্যুতে কাজ করতে চান। তিনি বলেন, প্রবীণদের পাশাপাশি তরুণদের মনোনয়ন দিলে কাজের ক্ষেত্র প্রসারিত হবে, কারণ তারা সময়োপযোগী ভাবনায় অভ্যস্ত। বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বর্তমান প্রজন্মের প্রয়োজন নির্ধারণ সহজ হবে এবং তরুণ নারীরা দীর্ঘ সময় ধরে কাজের সুযোগ পাবেন।

জনসমক্ষে সাবলীল বক্তব্য, গবেষণাভিত্তিক চিন্তা এবং নেতৃত্ব ও ব্যবস্থাপনায় দক্ষতা-সব মিলিয়ে সুলতানা জেসমিন জুঁই এখন পিরোজপুর সংরক্ষিত নারী আসনের আলোচনায় এক সম্ভাবনাময় নাম। গ্রাম থেকে বিশ্বমঞ্চে তার এই দীর্ঘ পথচলা কেবল ব্যক্তিগত সাফল্য নয়; বরং পিরোজপুরের নারীদের স্বপ্ন দেখার সাহস জোগাচ্ছে। এখন দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় প্রহর গুনছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা।


এএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৮:৩৯ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ