সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
একসময় সাপে কাটলে ওঝার ঝাড়ফুঁক ও তাবিজকবচের ওপর নির্ভর করতেন পটুয়াখালীর মির্জাগঞ্জের অনেক মানুষ। বিষ নামানোর আশায় ছুটতেন ওঝার কাছে। এতে সময়মতো চিকিৎসা না পেয়ে অনেকের মৃত্যুও হতো। তবে সেই চিত্র এখন বদলেছে। বেড়েছে মানুষের সচেতনতা। সাপে কাটলে ওঝার পরিবর্তে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছে।
এরই মধ্যে শুক্রবার (১৩ নভেম্বর) সকালে সাপের কামড়ে আহত হয়ে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন পাশের বাকেরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের সেকান্দার মৃধা (৬০)। তাঁর স্বজনেরা জানান, সকালে গরুর জন্য খড়ের গাদা থেকে খড় আনতে গেলে তাঁর ডান পায়ে সাপে কামড় দেয়। বিষয়টি বুঝতে পেরে তাঁকে দ্রুত মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর তাঁকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের শয্যায় সুস্থ আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আগে সাপে কাটার ঘটনা ঘটলে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার বিষয়ে অনেকের সচেতনতা ছিল না। ঝাড়ফুঁক ও তাবিজকবচের মাধ্যমে শরীর থেকে বিষ নামানো সম্ভব বলে বিশ্বাস করতেন তাঁরা। ফলে বিষধর সাপের কামড়ে আক্রান্ত ব্যক্তির চিকিৎসা শুরু করতে দেরি হতো। অনেক ক্ষেত্রে সেই বিলম্ব প্রাণঘাতী হয়ে উঠত। তবে সময়ের সঙ্গে মানুষের ধারণা বদলেছে। এখন সাপে কাটলে দ্রুত হাসপাতালে নেওয়ার প্রবণতা বেড়েছে। যদিও বিভিন্ন সময়ে সাপের কামড়ে মৃত্যুর ঘটনাও ঘটছে।
মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এইচ এম আশরাফ-উল-মাসুদ বলেন, সাপে কাটা রোগী হাসপাতালে এলে দ্রুত চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়। বাড়ির আশপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখা এবং রাতে চলাচলের সময় সঙ্গে আলো রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। সাপে কাটলে অযথা আতঙ্কিত না হয়ে ঝাড়ফুঁকের আশ্রয় না নিয়ে দ্রুত উপজেলা অথবা জেলা সদর হাসপাতালে নেওয়া জরুরি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার উমর ফারুক জাবির বলেন, আগে সাপে কাটলে মানুষ ওঝার কাছে যেতেন। এখন সচেতনতা বেড়েছে। স্বজনেরা রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে আসছেন। চিকিৎসকেরাও আন্তরিকতার সঙ্গে সেবা দিচ্ছেন। সাপে কাটা রোগীর চিকিৎসায় হাসপাতালের পক্ষ থেকে কোনো ত্রুটি রাখা হয় না।
তিনি আরও বলেন, বর্তমানে ভর্তি থাকা সাপে কাটা রোগী সুস্থ আছেন। দুই থেকে তিন দিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তাঁকে ছাড়পত্র দেওয়া হতে পারে। অ্যান্টিভেনম প্রয়োগের প্রয়োজন হলে হাসপাতালের প্রস্তুতি রয়েছে। সাপে কাটলে ওঝা কিংবা কবিরাজের কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।